করোনা পরিস্থিতি উন্নয়নশীল দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: টমাস পিকেটি

করোনাভাইরাসের প্রকোপে উন্নয়নশীল দেশের অরক্ষিত জনগোষ্ঠী সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উল্লেখ করে ফরাসি অর্থনীতিবিদ টমাস পিকেটি বলেছেন, তবে এই পরিস্থিতি এই সব দেশের জন্য নতুন সুযোগও সৃষ্টি করেছে।

ভারতের এনডিটিভির টাউন হল অনুষ্ঠানে আলোড়ন সৃষ্টিকারী বই ক্যাপিটাল ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির লেখক পিকেটি বলেন, এই বাস্তবতার আলোকে উন্নয়নশীল দেশগুলো কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের পথে এগোতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি নতুন ধরনের সামাজিক নীতি ও মৌলিক সুরক্ষাজাল প্রণয়ন করতে পারে।

টমাস পিকেটি বলেন, লকডাউন তো বেশি দিন চালানো যাবে না। মানুষের হাতে তো অত টাকা নেই। কাজ ও টাকার সন্ধানে তাদের বাধ্য হয়ে ঘর থেকে বেরোতে হবে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো স্বাস্থ্যব্যবস্থা যেমন ঢেলে সাজাতে পারে, তেমনি গরিব মানুষকে টাকা দিয়েও সহায়তা করতে পারে।

তিনি বলেন, করোনা মহামারির মতো বড় ধরনের ধাক্কার পর রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। ইতিহাসে আমরা এই ধরনের অনেক বিস্ময়ের মুখোমুখি হয়েছি। ক্যাপিটাল অ্যান্ড আইডিওলজি বইটি লিখতে গিয়ে শিখেছি, দেশে দেশে যে অর্থনৈতিক ও সামাজিক নীতি নেওয়া হয় এবং অসমতা যে কারণ, তা যত না অর্থনৈতিক, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক ও আদর্শিক। আর সেই আদর্শ হলো, আপনি কীভাবে অর্থনীতিতে হস্তক্ষেপ করেন এবং কীভাবে তা পরিচালনা করেন। এই ধরনের বড় ধাক্কার পর সেটা আবার দ্রুতই বদলে যেতে পারে।

সুইডেনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ১৯১১ সালের আগে দেশটি অত্যন্ত অসম ছিল। তখন ধনীরা সম্পদ অনুসারে অনেক ভোট দিতে পারতেন, যদিও গরিবদের ভোট ছিল একটি করে। এরপর ট্রেড ইউনিয়ন ও সামাজিক গণতন্ত্রীদের আন্দোলনের মুখে এই অসম ব্যবস্থার বদল হয়।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি না যে পূর্বনির্ধারিত বা সুনির্দিষ্ট পথেই শুধু বাস্তবতার পরিবর্তন হয়; বরং রাজনৈতিক আন্দোলন এবং কোভিড-১৯-এর মতো চ্যালেঞ্জের প্রতি মানুষ কীভাবে প্রতিক্রিয়া জানায়, তার ওপর অনেক কিছু নির্ভর করে।