প্রতিষ্ঠিত গান জনপ্রিয় করা কঠিন

ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। সম্প্রতি সিলন মিউজিক লাউঞ্জে তার কণ্ঠে চিত্রা সিংয়ের বিখ্যাত গান ‘কথা ছিল দেখা হবে’ জনপ্রিয় হয়েছে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

কেমন কাটছে সময়...

সবার মতোই সময় কাটছে, ঘরে বসে বসে। আর হোম কোয়ারেন্টাইন আমার কাছে নতুন কিছু না। কারণ আমি কাজ ছাড়া ঘরে থাকতেই বেশি পছন্দ করি। অনলাইনে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে একটু পড়াশুনা করছি। নিজের ওয়েবসাইটটা বিল্ড আপের চেষ্টা করছি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য পুরাতন গানগুলোকে নতুনভাবে মানুষের কাছে উপহার দেওয়ার কথা ভাবছি।

পুরাতন গানগুলো নতুন করে...

চিত্রা সিং, সন্ধ্যা মুখার্জির মতো শিল্পীদের গানগুলো নতুন করে গেয়ে খুব ভালো সাড়া পেয়েছি। নতুন প্রজন্মের অনেকেই ভাবে গানগুলো আমারই। তবে প্রতিষ্ঠিত গানগুলো নতুন করে জনপ্রিয় করা খুব কঠিন। গানগুলো কণ্ঠে তুলতে বেশ সময় নিতে হয়। যেহেতু আমার কণ্ঠটা পুরোপুরি ক্লাসিক্যাল বেইজড না, তাই আধুনিক মেলোডিয়াস গান তুলতে টানা প্র্যাকটিস করতে হয়। ‘তখন তোমার একুশ বছর’ গাওয়ার জন্য আমাকে একটানা গানটি শুনতেই হয়েছে ১৭-১৮ দিন। একটা নতুন গান নিজের মতো করে গেয়ে দেওয়া খুব সহজ। কিন্তু, যখন কেউ একটি গান গেয়ে ফেলে তখন তার মতো করে গানটিকে আবার সবার মাঝে পৌঁছে দেওয়া খুবই কষ্টকর। আর, প্রতিষ্ঠিত গানগুলো মানুষের কানের মধ্যে একদম আটকে থাকে। গানের নামটা শুনলেই কানে সুর বেজে ওঠে।

অসহায় মানুষের পাশে...

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। যদিও আমি করিনি কখনো, কিন্তু বিষয়টি নিয়ে যত সমালোচনা হচ্ছে তা আমি সমর্থন করি না। আমার বন্ধু সালমা (জনপ্রিয় শিল্পী) তার ফাউন্ডেশন থেকে খুব ভালো কাজ করছে। আমিও তার ফান্ডে কন্ট্রিবিউট করেছি।

আমার প্রথম চিন্তা থাকে আমার সাহায্যটা যেন মানুষের কাছে পৌঁছায়। যারা নিজেরা খাবার তৈরি করে মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে এমন কিছু ফাউন্ডেশনে আর্থিক সহায়তা দিয়েছি। মূলত চেষ্টা করছি আমার আশপাশের যে মানুষগুলোর সঙ্গে আমাকে সবসময় থাকতে হয়, যারা এই সময়ে কাজ থেকে দূরে আছে কিন্তু সাহায্য চাওয়ার মতো না তাদের পাশে থাকছি।

অনুলিখন- শেখ শাহরিয়ার