করোনা ট্রেকিং অ্যাপ আনছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য অ্যাপ আনছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত কি না তা বলে দেবে এই অ্যাপ। এ ছাড়া যে স্মার্টফোনে এই অ্যাপ থাকবে, তার আশপাশে কেউ করোনাআক্রান্ত থাকলে তাও জানিয়ে দেবে এটি। এর আগে অস্ট্রেলিয়ায় এমন অ্যাপ বেশ সাড়া ফেলে। ভারতেও এমন একটি অ্যাপ চালু হয়েছে। যুক্তরাজ্যও কভিড-১৯ প্রতিরোধে একটি অ্যাপ আনতে যাচ্ছে। রয়টার্স জানায়, এ মাসেই এমন স্মার্ট অ্যাপ আনতে চলেছে ডব্লিউএইচও। সংস্থাটির জনসংযোগ অফিস থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

কোনো ব্যক্তি নিজের লিঙ্গ, বয়স, উচ্চতা, ওজন, তিনি আগে কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন তার ইতিহাস, রক্তের গ্রুপ, কোন কোন ওষুধ খান (জেনেরিক নাম) তার নাম, শরীরের তাপমাত্রাসহ একাধিক তথ্য বিস্তারিতভাবে দিলে গুগল আর্থ ওই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে ডব্লিউএইচওর এই ট্রেকিং অ্যাপটি বলে দেবে তিনি করোনায় আক্রান্ত কি না! এই অ্যাপ ব্যবহারকারীকে জানিয়ে দেবে, কী কী স্বাস্থ্যবিধি ও আগাম সতর্কতা তাকে মেনে চলতে হবে। এছাড়াও ব্যবহারকারীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, কনটেনমেন্ট জোন থেকে তিনি কতটা দূরে রয়েছেন, ব্যবহারকারীর লালারস পরীক্ষা করাতে হবে কি না ইত্যাদি খুঁটিনাটি বিষয় আগে থেকেই জানিয়ে দেবে এই অ্যাপ।