মাঠে ফেরার ছাড়পত্র সিরি আ’র

১৮ মে থেকে দলগত অনুশীলনের ঘোষণা হয়ে গিয়েছিল। তবুও ইতালি সরকারের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও একবার ফুটবল মাঠে ফেরাতে ফেডারেশনের নেওয়া বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করে দেখতে চায়। এর মধ্যেই ফিওরেন্তিনা ও সাম্পদোরিয়ার স্টাফ-ফুটবলারের শরীরে কভিড-১৯ ধরা পড়ে। তখন মনে হচ্ছিল ফরাসি, ডাচ লিগের মতো ভবিষ্যৎ হতে যাচ্ছে ইতালিয়ান লিগের। কিন্তু সব বাধা পেরিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে ইতালিয়ান সিরি আ। সরকারি স্বাস্থ্য বিজ্ঞানীরা ইতালি ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে মাঠে ফেরার ছাড়পত্র দিয়েছে। তাই ১৮ মে থেকে ইতালিয়ান ক্লাবগুলোর দলগত অনুশীলনে আর কোনো বাধা থাকল না। আর সব ঠিক থাকলে জুনে মাঠে ফিরতে পারে লিগের বাকি অংশ।

গতকাল যৌথ বিবৃতিতে ইতালির ক্রীড়ামন্ত্রী ভিসেনজো সাপাদাফোরা ও স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা নতুন সিদ্ধান্ত জানিয়েছেন। গত ৪ মে থেকেই ফুটবলাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। ১৮ মে থেকে দলগত অনুশীলনে বাধা পড়েছিল। কিন্তু দুই মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া সেই বাধা থাকছে না।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সিরি আ-তে এই মুহূর্তের সবচেয়ে বড় নাম জলাতান ইব্রাহিমোভিচও ইতালিতে ফিরেছেন। এসি মিলানের হয়ে খেলা এই সুইডিশ ফরোয়ার্ড এতদিন নিজ দেশেই ছিলেন। তার দলের জন্য সুসংবাদ হলো এসি মিলানের কোনো ফুটবলার-স্টাফ করোনা পজিটিভ নন। তবুও সুইডেন থেকে আসা ইব্রাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সোমবার মিলান বিমানবন্দরে নামা মাস্ক-চশমা পরিহিত ইব্রা সরাসরি ক্লাবের গাড়িতে করে মিলানের ট্রেনিং সেন্টার মিলানেওতে চলে যান।