‘ব্রাজিল ফেভারিট নয়, ভিনিসিয়ুসকে রুখতে আমরা প্রস্তুত’- হাকিমি

আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:২৮ পিএম

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে বেশ একচোট দেখে নিলেন মরক্কোর প্রধান তারকা ও রাইট-ব্যাক আশরাফ হাকিমি। শনিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে পিএসজির এই ডিফেন্ডার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কার্লো আনচেলত্তির ব্রাজিলকে তিনি এই ম্যাচে ‘ফেভারিট’ ভাবছেন না। বরং ম্যাচটিতে মরক্কোর সমান সুযোগ দেখছেন তিনি।

‘বিশ্বকাপে কোনো ফেভারিট নেই’

পিএসজিতে ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনহোসের সঙ্গে খেলা হাকিমি প্রতিপক্ষের শক্তিকে সম্মান করলেও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ফেভারিট বলে কিছু নেই। আমরা জানি দুই দলেরই গুণগত মান কেমন, তাই এটি একটি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। মাঠে কী ঘটে তা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। আশা করি আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারব এবং আমাদের দিনটি ভালো যাবে। তবে এই ম্যাচে কাউকে আমি ফেভারিট মনে করি না।” 

ব্রাজিলের ঐতিহ্য ও স্কোয়াডের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, “ব্রাজিলের মান সম্পর্কে আমরা সবাই জানি। তাদের সবাই বড় মাপের খেলোয়াড়। তবে আমাদের দলেও চমৎকার কিছু ফুটবলার আছে। আমরা মরক্কোর সকল সমর্থকদের সমর্থন নিয়ে একটি দুর্দান্ত ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।” 

ভিনিসিয়ুসের সঙ্গে দ্বৈরথ ও আত্মবিশ্বাস

ব্রাজিল আক্রমণের প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র খেলেন লেফট-উইংয়ে। অন্যদিকে হাকিমি খেলেন রাইট-ব্যাক পজিশনে। এতে মাঠের লড়াইয়ে ব্রাজিলিয়ান এই তারকাকে আটকানোর মূল দায়িত্বটা থাকবে এই মরক্কান তারকার ওপরই। ভিনিসিয়ুসের সঙ্গে এই দ্বৈরথ নিয়ে হাকিমি বলেন, “ভিনির কোয়ালিটি সম্পর্কে আমরা ভালো করেই জানি, এর আগে বেশ কয়েকবার আমি তাঁর বিপক্ষে খেলেছি। সে একজন অসাধারণ খেলোয়াড়, তবে ব্রাজিল দলে এমন আরও অনেকেই আছে। আমরা তাদের সবার মুখোমুখি হওয়ার জন্যই অনুশীলন করেছি। ব্যক্তিগতভাবে আমি আত্মবিশ্বাসী যে আমরা তাদের ভালোভাবেই রুখে দিতে পারব।” 

পরিসংখ্যান ও অতীত ইতিহাস

ব্রাজিল ও মরক্কো ফুটবল ইতিহাসে এর আগে মাত্র তিনবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে ব্রাজিল এবং ২০২৩ সালের প্রীতি ম্যাচে মরক্কো জয় পায়। তবে বিশ্বকাপের একমাত্র দেখায় ১৯৯৮ সালে রোনালদো, রিভালদো ও বেবেতোর গোলে মরক্কোকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল ও মরক্কো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত