বড় অঙ্কের লেনদেনে পুলিশ এসকর্ট নেওয়ার আহ্বান ডিএমপির

রোজা ও ঈদুল ফিতরে অর্থের লেনদেন ও স্থানান্তরে মানি এসকর্ট সেবা নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় টাকা লেনদেন ও বহনের সময় চুরি, ছিনতাই, দস্যুতাসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই মানি এসকর্ট সেবা নেওয়ার পাশাপাশি ডিএমপির পক্ষ থেকে ১৫টি বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান, করোনাভাইরাসের আতঙ্কে ঢাকার রাস্তাঘাট অন্যান্য সাধারণ সময়ের চেয়ে অনেকটাই ফাঁকা। একটু অসতর্কতার জন্য আপনার কষ্টে উপার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতকারীরা। তাই অর্থ বহন ও উত্তোলনে সতর্কতা অবলম্বন করা জরুরি। বড় অঙ্কের অর্থ বহনের ক্ষেত্রে আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে মানি এসকর্ট সেবা দিচ্ছে ডিএমপি। যে কেউ সেটা নিতে পারেন।

টাকা বহনের ক্ষেত্রে ডিএমপি যেসব পরামর্শ দিয়েছে সেগুলো হচ্ছে বড় অঙ্কের অর্থ একা বহন করবেন না, সঙ্গে অতিরিক্ত একাধিক বিশ্বস্ত ব্যক্তিকে রাখুন; আপনার অর্থ বহন সংক্রান্ত কোনো তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকুন। হেঁটে অথবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটরসাইকেল কিংবা গাড়ি ব্যবহার করুন। নগদ অর্থ বহনের আগে নিশ্চিত হয়ে নিন যেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতকারীদের না জানিয়ে দেয়। দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করুন যেন দুষ্কৃতকারীরা পূর্বেই ওঁৎ পেতে থাকার সুবিধা নিতে না পারে। অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করুন যেন বাইরে থেকে বোঝা না যায়, এতে দুষ্কৃতকারীরা প্রলুব্ধ হওয়ার সুযোগ পাবে না। বড় নোট ব্যবহারে সচেষ্ট হন। সকল টাকা একসাথে না রেখে বিভিন্ন জায়গায় যেমন : পকেটে, ব্যাগে, সঙ্গীয় ব্যক্তির নিকট ভাগ করে রাখুন। গলি পথ কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করুন। ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকুন। সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সঙ্গে লেনদেন করুন; ব্যাংক থেকে বের হওয়ার পর বুঝতে চেষ্টা করুন সন্দেহজনক কেউ আপনাকে অনুসরণ করছে কি না। বড় অঙ্কের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনের বেলায় সম্পন্ন করার চেষ্টা করুন। এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কি না নিশ্চিত হয়ে নিন, কেউ থাকলে তিনি বের হওয়ার পর আপনি বুথে প্রবেশ করুন। এটিএম বুথের অভ্যন্তরে আর্থিক লেনদেনে ব্যবহৃত পিন নম্বরটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। সম্ভব হলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করুন। বড় অঙ্কের টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশ এসকর্ট ব্যবহার করুন।

ডিএমপি নিউজ জানায়, টাকা বহনে পুলিশের সহায়তা নিতে থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য, পুলিশ এসকর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে। এ ছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা যেতে পারে।