করোনা উপসর্গ নিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল গ্রামের হায়দার আলীর ছেলে পোষাক শ্রমিক আনোয়ার হোসেন (৩০) করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন।

এ ঘটনায় বুধবার সকালে উপজেলা প্রশাসন ওই বাড়ি সহ আশেপাশের ৩টি বাড়িকে লকডাউন ঘোষণা করেছে। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম হীরা বলেন, কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে পোশাক শ্রমিক আনোয়ার করোনা উপসর্গের পাশাপাশি জন্ডিস ও কিডনি সমস্যা নিয়ে বাড়ি আসেন। সোমবার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ওই হাসপাতালের চিকিৎসক ডা. নিত্য রঞ্জন পাল তার শরীরে করোনা উপসর্গের লক্ষণ দেখে তাকে সরকারি বাগবাটি কোভিড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি সেখানে ভর্তি না হয়ে বাড়ি ফিরে যান। এরপর মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতেই মারা যান।

তিনি আরো বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে। এ ছাড়া ওই বাড়ির ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ওই বাড়ির ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।