করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা এপ্রিলের বেতন ৬০ শতাংশ হারে পেয়েছেন। মে মাসেও অনেক কারখানা খুলতে না পারায় আগামী মাসেও বেতন কম পাবেন। এ কারণে শ্রমিকরা আর্থিক সমস্যায় পড়তে পারেন। তাই এই সংকটকালে শ্রমিকদের বাসা ভাড়া কিছুটা কমানোর আহ্বান জানিয়েছে শিল্প পুলিশ।
বুধবার গাজীপুরে শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, বাড়িওয়ালাদের প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানানো হয়েছে।
বৈঠক শেষে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, বাড়িওয়ালারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তারা সংকটের কথা বিবেচনা করে বাসা ভাড়া কমানোর চেষ্টা করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাশিমপুর ও কোনাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত এসি আহসান, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক জলিল ও পরিদর্শক অপূর্ব হাসান।