করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১৪ দিন বাড়ছে। ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ নিয়ে সাত দফায় ছুটি বাড়াচ্ছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন দেশ রূপান্তরকে বলেন, ‘আগামীকাল (আজ বৃহস্পতিবার) ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি হতে পারে।’ ১৪ দিন ছুটির মধ্যে শবেকদর, ঈদ ও সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৪ বা ২৫ মে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ঈদের দুই দিন আগে, ঈদের দিন ও ঈদের চার দিন পর এই সাত দিন এখন প্রাইভেট কারসহ যেসব সাধারণ যানবাহন রাস্তায় রয়েছে, এগুলোর চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, যাতে এগুলো চলাচল করতে না পারে। যে যেখানে আছেন, সেখানে থেকেই ঈদ করতে হবে। এসব নির্দেশনা ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে থাকবে।
১৬ মে ও ঈদের ছুটির মাঝখানে কর্মদিবস মাত্র চারটি ১৭, ১৮, ১৯ ও ২০ মে। এরপর ২১ মে শবেকদরের ছুটি। ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি। ২৪, ২৫ ও ২৬ মে ঈদের ছুটি। ঈদের ছুটির পর ২৭ মে খোলার কথা থাকলেও তা হচ্ছে না। ২৮ মে ছুটি থাকবে। ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটিও সাধারণ ছুটিতে অন্তর্ভুক্ত হচ্ছে।
করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে কয়েক দফায় ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। কিন্তু দেশে এখনো করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই; বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
ইতিমধ্যে জরুরি সেবাসংশ্লিষ্ট সরকারি অফিস সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দোকান, শপিং মল, কারখানা, পোশাক কারখানাসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন।