ভার্চুয়াল শুনানি

অধস্তন আদালতে এক দিনে ১০১৩ জনের জামিন

দেশের অধস্তন আদালতগুলোতে ভার্চুয়াল শুনানি শেষে গতকাল বুধবার ১ হাজার ১৩ আসামি জামিন পেয়েছেন। গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান। তিনি জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৭২ জন, ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯২ জন, কুষ্টিয়া জেলা দায়রা আদালতে ৫৫ জন, নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ জন ও দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৬ জন আসামি জামিন পান। এ ছাড়া বরিশাল বিভাগে বরিশালসহ বিভিন্ন জেলার আদালত থেকে ১২৯ জন জামিন পান।

এর আগে গত মঙ্গলবার একই পদ্ধতিতে অধস্তন আদালতে জামিন পান ১৪৪ জন। এ নিয়ে গত দুদিনে অধস্তন আদালতে ভিডিও কনফারেন্সে শুনানি শেষে ১ হাজার ১৫৭ আসামি জামিন পেলেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারনির্ধারিত ছুটির কারণে বন্ধ রয়েছে উচ্চ ও অধস্তন আদালত। এমন পরিস্থিতিতে আইনজীবী, সাক্ষী ও আসামিদের শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় গত সোমবার। এর আগে গত ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রযুক্তির মাধ্যমে আদালত চালু করার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। এরপর ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’-এর খসড়া অনুমোদন লাভের পর ৯ মে এ সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, অধস্তন আদালতে আপাতত আসামিদের জামিন শুনানি হচ্ছে। একই সঙ্গে হাইকোর্টে একাধিক ভার্চুয়াল বেঞ্চে অতি জরুরি ফৌজদারি, দেওয়ানি, রিট মামলাসহ বিভিন্ন মামলার শুনানি ও আদেশ হচ্ছে। আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আজ বৃহস্পতিবার ও ২০ মে বেলা সাড়ে ১১টা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

সরকারঘোষিত ছুটি ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘প্র্যাকটিস ডাইরেকশন’ অনুসরণ করে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতে বিচার কার্যক্রম এভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ভার্চুয়াল আদালত ব্যবহারের বিষয়ে আইনজীবীদের জন্য ‘আমার আদালত : ভার্চুয়াল কোর্টরুম ব্যবহার ম্যানুয়াল’ নামে একটি নির্দেশিকা প্রকাশের পাশাপাশি আদালত পরিচালনার জন্য একটি ওয়েব পোর্টালও চালু করেছে সুপ্রিম কোর্ট। এ পোর্টালের মাধ্যমে হচ্ছে মামলার আবেদন ও শুনানি।