চাঁদাবাজির অভিযোগে শাহজাদপুর থানার এএসআই মনির প্রত্যাহার

চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার এএসআই মনির হোসেনকে গত মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে গতকাল বুধবার সকালে তিনি পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন।

শাহজাদপুর উপজেলার পল্লীবিদ্যুৎ অফিস এলাকার প্রয়াত আবদুস সালাম সরকারের ছেলে ইলেকট্রিশিয়ান জনি (২৫) স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘কোরবান কবিরাজ নামে এক ব্যক্তির কাছে আমি একটি কাজের জন্য কিছু টাকা পাই। টাকা চাওয়ায় তিনি আমাকে টাকা না দিয়ে এএসআই মনিরের কাছে আমার নামে মিথ্যা অভিযোগ করেন।’ তিনি বলেন, ‘এএসআই মনির আমাকে ফোন করে বলেন, তুই ইসলামী ব্যাংকের কাছে সিএনজি ঠেকিয়ে কোরবান কবিরাজের কাছ থেকে টাকা ছিনতাই করেছিস। এ থেকে তুই বাঁচতে চাইলে আমাকে ৫ হাজার টাকা দে। তাহলে আমি আর তোকে ডিস্টার্ব করব না। না হলে তোকে থানায় ধরে নিয়ে হাত-পা ভাঙব। ছিনতাই মামলায় চালান দেব।’ জনি বলেন, ‘আমি ভয়ে তাকে ১ হাজার টাকা দিয়ে মাফ চাই। কিন্তু উনি প্রায়ই আমাকে ফোন দিয়ে আরও টাকা চান। এ ছাড়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাই আমি এএসআই মনিরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।’ তার এ বক্তব্যের ভিডিও ও এএসআই মনিরের ‘গালিগালাজের’ অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে বিষয়টি সিরাজগঞ্জের পুলিশ সুপারের নজরে আসে। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে প্রত্যাহার করার নির্দেশ দেন।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বুধবার সন্ধ্যায় জানান, শাহজাদপুরে এক ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।