যুক্তরাষ্ট্রে দুই বছর শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাকশিল্পকে আগামী দুই বছর শুল্কমুুক্ত প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সঙ্গে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন দেশের পোশাক খাতে ক্রয়াদেশ বাতিল না করে সেজন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান ড. মোমেন। এ সময় করোনা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সহকারী। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

সমুদ্রে ভাসমান মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যাথিউ পটিনজার। আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব শুধু বাংলাদেশের নয়; অন্যান্য দেশেরও উচিত তাদের আশ্রয় দেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রগুলোর জোরালো ভূমিকা পালনেরও আহ্বান জানান ড. মোমেন। করোনা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে দেশের জন্য বিশেষ বরাদ্দ প্রদানেরও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের বিনিয়োগের পরিবেশ ভালো উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি। তিনি দেশের ১০০টি অর্থনৈতিক জোনের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত করার অনুরোধ করেন। এছাড়া বাংলাদেশে ২৮টি আইটি পার্ক তৈরি হচ্ছে এবং বাংলাদেশের পরিশ্রমী ও মেধাবী যুবকদের জন্য আইটি সেক্টরকে সম্ভাবনাময়ী উল্লেখ করে এ খাতেও যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে, হিংসাত্মক এবং ধর্মীয় উসকানিমূলক প্রচারণা চালায়, শুধু তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের গণমাধ্যম অন্য যেকোনো দেশের চেয়ে মুক্তভাবে মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করে। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে এখন পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে বাংলাদেশ থেকে এসব চিকিৎসাসামগ্রী আরও বেশি পরিমাণ আমদানি করতে পারবে। বাংলাদেশের ওষুধসামগ্রী যুক্তরাষ্ট্রে আমদানি করতে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেন।