করোনা মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ২৫ হাজার মাস্ক ও তিন হাজার পিপিই দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল আনসারের ঢাকা মহানগর অফিসে মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের কাছে মাস্ক ও পিপিই হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসারের উপ-মহাপরিচালক (অপারেশন্স) মো. মাহবুব-উল-ইসলাম।
মাহবুব-উল-ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে সারা দেশে আমাদের বাহিনীকে নিরাপত্তা সামগ্রী দিয়ে বসুন্ধরা গ্রুপ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা প্রশংসনীয়। শুধু এখনই নয়, দেশের যেকোনো দুর্যোগে বসুন্ধরা গ্রুপ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বসুন্ধরা গ্রুপের সুরক্ষা সামগ্রীতে আমরা উপকৃত হয়েছি। করোনা পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যদের উৎসাহিত ও সহায়তা করবে।
করোনা মোকাবিলার অংশ হিসেবে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করেছে এই শিল্পগ্রুপ। এছাড়া করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। এছাড়া সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে মাস্ক দিয়েছে প্রতিষ্ঠানটি। নৌবাহিনী ও র্যাবকে মাস্ক, পিপিই ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছে বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া ডিএমপি ও বিজিবিকে মাস্ক ও পিপিই দিয়েছে এ শিল্পগোষ্ঠী। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।