বগুড়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ হোসেন(৩০) নামের এক যুবক খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দিবাগত রাত ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত সুরুজ শহরের মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, মালগ্রাম চাপরপাড়া ও মালগ্রাম মধ্যপাড়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বেশ কয়েকবার মাদক ব্যবসায়ীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
সুরুজ ওই এলাকার মানিক নামের এক যুবকের পক্ষ নিয়ে উজ্জল নামের এক যুবককে মারধর করেন। মানিক এবং উজ্জল দুজনেই মাদক ব্যবসায়ী এবং একে অপরের সৎ ভাই। এর জের ধরে বুধবার বিকেলের দিকে উজ্জল এবং আকাশ নামের দুই যুবক সুরুজকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
গুরুতর আহত সুরুজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।