লকডাউনের ক্ষতি পুষিয়ে ব্যবসায় টিকিয়ে রাখতে সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার তহিবল সহায়তা চেয়েছে তথ্যপ্রযুক্তি খাতের পাঁচ সংগঠন। আসন্ন বাজেটে এ তহবিল গঠনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে শুল্ক, ভ্যাট ও কর সুবিধারও প্রস্তাব করেছে সংগঠনগুলোর নেতারা। একই সঙ্গে ইন্টারনেট সেবা ও ই-কমার্স খাতকে আইটিইএস খাত হিসেবে ঘোষণার দাবি করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতের পাঁচ সংগঠনের সমন্বিত বাজেট প্রস্তাবনা নিয়ে গতকাল দুপুরে অনুষ্ঠিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। যৌথ এ সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিএসএস সভাপতি শাহীদ উল মুনির, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, বাক্ক সভাপতি ওয়াহিদ শরীফ নিজ নিজ সংগঠনের পক্ষে নিজেদের বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। বাজেট প্রস্তাবে ব্যবসায়ের মেধাস্বত্ব ভ্যালুকে আমলে নিয়ে ব্যাংকগুলো যেন আইটি কোম্পানিগুলোকে এক বছর পর থেকে ২ শতাংশ সরল সুদে জামানতবিহীন ঋণ সুবিধা দেয় সেই বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রযুক্তি খাতের নেতারা।
প্রস্তাবনায় ইন্টারনেট সেবায় ৫ শতাংশ ভ্যালু চেইনের ক্ষেত্রে আইটিসি, আইআইজি ও এনটিটিএন খাতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, নতুন প্রযুক্তির সঙ্গে হালনাগাদ কেব্ল, রাউটার ও মডেম আমদানি শুল্ক সমন্বয়, ই-কমার্স খাতকে করপোরেট ট্যাক্স এবং ভ্যাট থেকে অন্তত আগামী তিন বছরের জন্য অব্যাহতি প্রদান এবং ব্যাংক ঋণ ও জাতীয় রাজস্ব বোর্ডের জন্য ই-কমার্সের একটি পৃথক সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্যও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছাড়াও বাজেটে সব মন্ত্রণালয় ও বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে সরকারের পরিকল্পনা মোতাবেক বিভিন্ন ই-গভর্ন্যান্স প্রকল্প বাস্তবায়ন ও সব ধরনের নাগরিক সেবা অনলাইনে প্রদানের মাধ্যমে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।