সাঈদীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী বাবুল পন্ডিতের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী পল্লী চিকিৎসক আ. হালিম খলিফা ওরফে বাবুল পন্ডিত (৬২) মারা গেছেন। 

পিরোজপুরের ইন্দুরকানীতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে জানাজা শেষে তাকে নলবুনিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের ১৪ নম্বর সাক্ষী ছিলেন পল্লী চিকিৎসক বাবুল পন্ডিত। মৃত্যুর আগ পর্যন্ত  তিনি সাক্ষী সুরক্ষার বিশেষ আইনে পুলিশের নিরাপত্তায় ছিলেন। 

বাবুলের ভাই সালাম বাহাদুর জানান, গত কয়েক দিন আগে বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার  জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা বলেছেন তার মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে। সে অবস্থায় হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রেখে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। তাকে আসামিদের কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হয়।

তিনি জানান, রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় নিরাপত্তার জন্য তার সঙ্গে নিয়মিত পুলিশ ফোর্স থাকত। তাই তাকে সাধারণ সেবা দেওয়া সম্ভব হয়নি। এমনকি পুলিশি নিরাপত্তার কারণে তাকে প্রাইভেট হাসপাতালেও ভর্তি করাতে পারেনি। বুধবার তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। 

ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, তিন দিন আগে অসুস্থ হলে বাবুল পন্ডিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।