টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া মৎস্য ঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা  ঘটে।

পুলিশের দাবি, নিহত যুবক একজন দুর্ধষ সন্ত্রাসী ও হত্যাসহ অন্তত অর্ধডজন মামলার আসামি।

নিহত আরিফ টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার ভোর ৪টার দিকে হত্যাসহ অর্ধডজনের বেশি মামলার পলাতক আসামি সন্ত্রাসী আরিফ দলবল নিয়ে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থানের খবরে পুলিশ সেখানে অভিযানে যায়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলি হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে আরিফের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ।

ওসি আরও জানান, আরিফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।