করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, প্রশাসনের সহযোগিতায় লাশ দাফন

করোনার উপসর্গ নিয়ে হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত আইসোলেশন সেন্টারে জয়নাল আবদিন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।

অসুস্থ হয়ে কর্মস্থল চট্টগ্রাম থেকে বাড়িতে আসার দুদিন পর শনিবার ভোরে তিনি মারা যান।

জানা গেছে, মৃত জয়নাল আবদিন ‘চট্টগ্রামের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

তিনি অসুস্থ হলে তার ছেলেরা তাকে বাড়ি নিয়ে আসেন। শুক্রবার উপজেলা কমপ্লেক্সের দুজন চিকিৎসক তার শরীরে করোনার উপসর্গ আছে কিনা তা দেখতে তার বাড়ি যান।

তারা রোগীর নিউমোনিয়া ও ডায়রিয়া হয়েছে দেখে কিছু চিকিৎসা দেন। রোগীর অবস্থা আরো খারাপ হলে হাসপাতাল থেকে নিয়ে তাকে অক্সিজেন দেওয়া হয়। রাতে তার অবস্থা আরো খারাপ হলে আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। শনিবার ভোরে তিনি মারা যান।

এলাকার লোকজনের বাধার মুখে প্রশাসনের সহযোগিতায় চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তাদের পারিবারিক মসজিদের পাশে তার লাশ দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, মৃতের শরীরে করোনার উপসর্গ থাকায়  লাশের ও তার দুই ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে।