চুয়াডাঙ্গায় নির্দেশ অমান্য করে দোকান খুলে রেখে পণ্য কেনাবেচার অভিযোগে ৩১ জন ক্রেতা-বিক্রেতার কাছ থেকে সাড়ে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ১২টার দিকে শহরের পুরাতন গলির মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলার সকল মার্কেট-শপিংমল ও বিপণীবিতান বন্ধের নির্দেশনা দিলেও অনেকে ব্যবসায়ী তা মানছেন না।
এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসনের তিনটি দল ও পুলিশের একটি দল শহরের গলির মার্কেটে অভিযান চালায়।
এ সময় বাইরে থেকে দোকান তালাবদ্ধ থাকলেও ভেতরে পণ্য ক্রয় বিক্রয় চলছিল। দোকানের ছাদেও চলছিলো ক্রেতা-বিক্রেতাদের কেনাবেচা।
পুলিশ তালা ভেঙে ও ছাদ থেকে এসব বিক্রেতা ও ক্রেতাদের বাইরে বের করে আনে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও ফিরোজ হোসেন।
এ সময় সহযোগিতা করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ ও সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদসহ পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (১) ধারাসহ বিভিন্ন আইনে এসব জরিমানা আদায় করা হয়। জরিমানার অর্থ প্রদান করা সকলে বিভিন্ন দোকানের ক্রেতা ও বিক্রেতা।