রাখাইন শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক আটক

পটুয়াখালীর মহিপুরে দশম শ্রেণির এক রাখাইন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

পরিবারের সদস্যরা ওই শিক্ষার্থীকে খুঁজে না পেয়ে পুলিশকে অবহিত করে। প্রায় ১৭ ঘণ্টা পর শুক্রবার রাত নয়টার দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আলীপুরের কালাচানপাড়া এলাকার একটি মাছের গদির দ্বিতীয় তলায় আটকে রেখে জোর পূর্বক তাকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ধর্ষিতা ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে তাকে পাশের একটি পরিত্যক্ত কক্ষে আটকে রেখে পালিয়ে যায় ধর্ষক।

অভিযোগ পাওয়ার পর ধর্ষিতা ওই রাখাইন শিক্ষার্থীর দেয়া তথ্যে ভিত্তিতে শুক্রবার রাত ১১ টার দিকে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে ধর্ষক আল-আমিনকে (২৫) আলীপুরের থ্রি পয়েন্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার সকালে ধর্ষিতা নিজে বাদী হয়ে আল-আমিনকে আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ধর্ষিতা ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক আল-আমিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।