সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লাইভ শো করছেন তামিম ইকবাল। নিজের ফেইসবুক পেজ থেকে সতীর্থ বা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে তামিমের আড্ডাগুলো হয়ে উঠছে প্রাণবন্ত। এরই মধ্যে তার প্রাণবন্ত উপস্থাপনা মন কেড়েছে সবার। অনুষ্ঠানকে সারাক্ষণ মাতিয়ে রাখতে পারেন এই ড্যাশিং ওপেনার।
তবে দেশের নতুন ওয়ানডে অধিনায়কের এনিয়ে চিন্তাও আছে। চিন্তাটা হলো- এখন দুই ম্যাচ রান না করলেই যে মানুষ বলবে, তুই উপস্থাপনাই কর! খেলার দরকার নেই।
করোনাভাইরাসের কারণে মাঠে ক্রিকেট নেই। প্র্যাকটিসেরও সুযোগ নেই। তাই ঘরেই সময়ে কাটছে ক্রিকেটারদের। এই ঘরবন্দী সময়ে ভক্তদের বিনোদন দিতেই তামিমের নিয়মিত লাইভ শো।
নিজের ফেইসবুক পেজ থেকে নিয়মিত শো করছেন তামিম। তার সঙ্গে কখনো একজন করে দেশি বা বিদেশি ক্রিকেটার, কখনো বা একাধিক ক্রিকেটার থাকছেন।
পর্যায়ক্রমে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা, একই দিনে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ, ফ্যাফ ডু প্লেসি, রোহিত শর্মা তামিমের অতিথি হয়ে এসেছিলের।
সেই ধারাবাহিকতায় শনিবার রাতে তামিমের আড্ডায় ছিলেন একসঙ্গে চার ক্রিকেটার। টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাসের সঙ্গে মাঝে অতিথি হিসেবে যোগ দেন স্পিনার তাইজুল ইসলাম। অন্যান্য দিনের মতো এদিনও ক্রিকেটর সঙ্গে মাঠের বাইরের নানা বিষয় ওঠে এসেছে আড্ডায়।
আড্ডার শেষ দিকে বিদায় পর্বে তামিমের উপস্থাপনার প্রশংসা করেন মুমিনুল। বলেন, ‘তামিম ভাই আপনি কিন্তু অনেক ভালো কাজ করছেন, মাশা আল্লাহ। আপনি উপস্থাপনা করছেন, খুব ভালো হচ্ছে। মনে হচ্ছে না আপনি ক্রিকেট খেলোয়াড়।’
তামিম মজা করে উত্তর দেন, ‘তুই কি বুঝতে পারছিস, আমি উপস্থাপনা করার কারণে দুই ম্যাচ রান না করলেই মানুষ বলবে, তুই উপস্থাপনাই কর। খেলার দরকার নাই।’
তামিমের এ কথায় মুমিনুল, লিটন, সৌম্য, তাইজুল হেসে দেন। মুমিনুল বললেন, ‘এটা তো মানুষ এমনি, আবেগ থেকে বলবে। সমস্যা নেই…।’