লকডাউনের সময়টা বিষাদময় হয়ে উঠেছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জন্য। ছোট্ট ছেলেকে নিয়ে তিনি নিজ দেশ ভারতে। অন্যদিকে স্বামী শোয়েব মালিক পাকিস্তানে। সানিয়ার মনে তাই দুশ্চিন্তার মেঘের আনাগোনা।
সন্তান জন্মের সময়টায় টেনিস থেকে বিরতি নিয়েছেন সানিয়া। ২ বছর পর কোর্টে ফেরেন। জানুয়ারি থেকে টেনিস কোর্টেই ব্যস্ত ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরার পরই ঘোষিত হয় লকডাউন।
এখন খেলা নিয়ে ভাবনার আবকাশই নেই। সানিয়াও ভাবছেন না। তার ভাবনায় বরং এখন পরিবার। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে লাইভ চ্যাটে যুক্ত হয়েছিলেন এই টেনিস সুন্দরী।
বলেন, ‘শোয়েব পাকিস্তানের শিয়ালকোটে আটকে পড়েছে। আমি হায়দরাবাদে। এই পরিস্থিতি সামলানো বেশ কঠিন। কারণ আমাদের একটা ছোট বাচ্চা আছে। ইজহান কবে আবার বাবাকে দেখতে পাবে, তা নিয়ে আমি বেশ চিন্তিত।’
তবে বাস্তবতার কথাও মাথায় রাখছেন সানিয়া, ‘আমরা বাস্তবসম্মত মানুষ। পাকিস্তানে শোয়েবের ৬৫ বছরের মা রয়েছেন। তাই শোয়েবের ওখানে থাকা ভীষণ প্রয়োজন।’