আরও কয়েক জায়গায় বন্ধ করা হয়েছে মার্কেট

করোনা-পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অমান্য করায় সাভারের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট ও বিপণিবিতান ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে শর্তসাপেক্ষে টাঙ্গাইলে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারে। আর মাদারীপুরের মার্কেট বন্ধ থাকলেও শিবচরে প্রশাসনের নির্দেশনা অমান্য করে খোলা রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। 

আমাদের সভার প্রতিনিধি জানিয়েছেন, সাভারে এক মাসের বেশি বন্ধ থাকার পর মার্কেট খোলে। এর এক সপ্তাহের মধ্যে গতকাল শনিবার বিকেলে সাভারের করোনাভাইরাস প্রতিরোধ কমিটির ও ইউএনও সভাপতি পারভেজুর রহমান জুমন গণবিজ্ঞপ্তিতে এই বন্ধের কথা জানান। এ সিদ্ধান্ত আজ রবিবার থেকে কার্যকর হবে।

ব্যবসা-বাণিজ্যের কথা বিবেচনা করে গত পাঁচদিন আগে খুলে দেওয়া হয় সাভারের শপিংমল ও দোকানপাট। এই সময়ে প্রশাসন দেখতে পায় সব ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্ত মানা হচ্ছে না। এ অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবসাপ্রতিষ্ঠান ফের বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইউএনও পারভেজুর রহমান জানান, সরকারি স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসাকার্যক্রম চালানোয় করোনা সংক্রমণ প্রতিরোধে রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শর্তসাপেক্ষে ফের চালু হতে পারে টাঙ্গাইলের দোকানপাট : স্বাস্থ্যবিধি মানাসহ শর্তসাপেক্ষে ফের চালু হতে পারে টাঙ্গাইলের দোকান ও শপিংমল। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, গত ১৫ মে ব্যবসায়ীদের দাবির মুখে জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ নিশ্চিত করেছেন ।

গত ১৪ মে বিকেলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে টাঙ্গাইলের মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশনা জারি করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। তবে ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এর আওতামুক্ত ছিল বলে ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্দেশনা অমান্য করে শিবচরে খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান :  মাদারীপুরে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে মাদারীপুর শহর, কালকিনি, রাজৈর ও সদর উপজেলায় দোকান বন্ধ রয়েছে। কিন্তু শিবচরে জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে সকাল থেকেই খোলা রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান।

আমাদের মাদারীপুর সংবাদদাতা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই জেলা শহর ও তিনটি উপজেলায় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাণিজ্যকেন্দ্র পুরানবাজারসহ বিভিন্ন হাটবাজারে বেড়েছে প্রশাসনের নজরদারি। থানা পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এছাড়া দু-একটি স্থানে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও পুলিশ তা বন্ধ করে দিচ্ছে। অপ্রয়োজনে রাস্তাঘাটে চলাফেরা করা মানুষদের সতর্ক করছে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত। তবে শিবচরে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। যদিও জেলার অন্য তিন উপজেলার তুলনায় শিবচরে আক্রান্ত বেশি। যে দুজন মারা গেছে তাদের বাড়িও শিবচরে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসন থেকে আমরা দোকান বন্ধ রাখার নির্দেশনা পেয়েছি। আমাদের এখানে প্রশাসনে জনবল কম থাকায় আমরা পুরোপুরিভাবে দোকান বন্ধ করতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি। মাঠে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। দুই এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।