সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শ্বাসকষ্টে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দি (৫০) মারা গেছেন। নোয়াখালীর হাতিয়ায় আইসোলেশন সেন্টারে নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে ভর্তি এক বৃদ্ধের মৃত্যু হয়। খুলনার বাটিয়াঘাটা উপজেলায় জ্বর ও হৃদরোগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। লক্ষ্মীপুরের রায়পুরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে আরেক বৃদ্ধ মারা যান। এছাড়াও কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে একই সমস্যায় মৃত্যু হয় ব্যবসায়ীর। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর অনুযায়ী গত ৩৭ দিনে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে এ নিয়ে মারা গেছেন ১৭১ জন। গাজীপুর : কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চোরাচালান মামলার এক আসামি শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার রতœা রায় জানান, বুধবার বিকেলে শ্বাসকষ্টে আক্রান্ত হন ওই বন্দি। প্রথমে কারা হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। করোনায় আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা : গতকাল বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান মুজিবর গাজী (৭০) নামে এক ব্যক্তি। তার বাড়ি বটিয়াঘাটা উপজেলার সবুজবাগ গ্রামে। খুমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, বেলা ১১টার দিকে মুজিবরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নমুনা সংগ্রহ করে খুমেকের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
হাতিয়া (নোয়াখালী) : গতকাল শনিবার ভোরে হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে জয়নাল আবেদিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। পরে এলাকার লোকজনের বাধার মুখে প্রশাসনের সহযোগিতায় চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পারিবারিক মসজিদের পাশে তাকে দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, জয়নাল চট্টগ্রামের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তার নিউমোনিয়া ও ডায়রিয়া ছিল। জয়নাল ও তার দুই ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান নাজিম উদ্দিন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলার বাড়ি চিনিষ গ্রামে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে এক নারী (৪৬) মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, ওই নারী কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। শনিবার সকালে তার অবস্থার অবনতি হয় এবং তীব্র শ্বাসকষ্টে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
লক্ষ্মীপুর : রায়পুরে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, দুদিন আগে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠানো হয়েছে। রিপোর্ট এখনো আসেনি।
ভৈরব (কিশোরগঞ্জ) : গত শুক্রবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে মারা যান অমিয় দাস (৬০) নামে এক ব্যবসায়ী। ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, অমিয় দাস ৪-৫ দিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজেই ভৈরব ট্রমা সেন্টারের করোনাভাইরাস সেন্টারে এসে নমুনা দিয়ে যান। শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট হলে দ্রুত তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।