দীর্ঘ বিরতির পর ফুটবল আনন্দে মাতলো জার্মানি মাতলো জার্মানবাসী। তবে মাঠে গিয়ে নয়, টিভিতে দেখে!
করোনার সংকট কাটিয়ে ওঠায় শুরু হয়েছে দেশটির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগার থেমে থাকা বাকি মৌসুমের খেলা। শুরুর পরের দিন অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ।
রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ইউনিয়ন বার্লিনের মাঠে খেলতে নামবে বায়ার্ন। পয়েন্ট টেবিলে অবস্থান আরও দৃঢ় করতে হলে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই শিরোপাধারীদের।
লিগ শুরুর দিন শনিবার রাতে শালকে’কে ৪-০ গোলে উড়িয়ে বায়ার্নের সঙ্গে ব্যবধান অনেক কমিয়ে এনেছে দ্বিতীয়স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড। ২৬ ম্যাচে দলটির পয়েন্ট ৫৪। এক পয়েন্ট বেশি নিয়ে আছে এক ম্যাচ কম খেলা বায়ার্ন।
নির্দেশনা অনুযায়ী শনিবারের আপাতত বুন্দেসলিগার ম্যাচগুলোতে দর্শক থাকতে পারবে না। শনিবারের ম্যাচগুলোর ক্ষেত্রেও তাই দেখা গেছে।
খেলোয়াড়-কোচ-প্রশাসক সব মিলিয়ে ডর্টমুন্ডের বিশাল স্টেডিয়ামে মাত্র তিনশ লোকের উপস্থিতি ছিল। ডাগআউটে বদলি খেলোয়াড়, কোচ ও সহকারী কোচ সবার মুখে মাস্ক ছিল।
ম্যাচ শেষে বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা স্টেডিয়ামের বিখ্যাত হলুদ দেয়ালের দিকে তাকিয়ে বার কয়েক হাত উঁচিয়ে আনন্দ করে। এই ম্যাচেই ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামাল।
স্বাস্থ্য সুরক্ষার জন্য কড়া প্রটোকল মেনে এই ম্যাচ শুরু হয়। মাত্র ১০ জন টেলিভিশন রিপোর্টার এই ম্যাচ কাভার করার অনুমতি পান। ক্যামেরার দায়িত্বে থাকা সবাইকে মুখে মাস্ক ও হাত গ্লাভস পরতে হয়েছে। প্লাস্টিকের তৈরি শিল্ডের অন্যপ্রান্তে দাঁড়িয়ে খেলোয়াড়দের সাক্ষাৎকার নিতে হয়েছে।