১১ হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিল গ্রামীণ টেলিকম

ঢাকার বাইরে ৭ বিভাগীয় শহরে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে এমন ১১ হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দিয়েছে গ্রামীণ টেলিকম।

গত শনিবার বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ৫ হাজার ৫০০ পিপিই, ১৬ হাজার ৫০০ পিস কেএন-৯৫ মাস্ক, ১১ হাজার পিস হ্যান্ড গ্লাভস ও ৯৯০ পিস প্রোটেকটিভ গগলস্ দেওয়া হয়েছে।

হাসপাতালগুলো হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস চট্টগ্রাম, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনা ডায়াবেটিক হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এসকে হাসপাতাল, ময়মনসিংহ, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ইনফেকশাস হাসপাতাল, ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল বরিশাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রাদুর্ভাবের সময় থেকেই গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফেব্রিকস অ্যান্ড ফ্যাশনস্ চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই গাউন তৈরি করছে। এগুলোর বেশিরভাগই দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে।