সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন সর্দি, জ্বর, শ্বাসকষ্টে মারা যান। রংপুরে একই সমস্যা নিয়ে মারা যান দুজন। ঝালকাঠিতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয় যুবকের। নরসিংদীতে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু হয় এক ব্যক্তির। এছাড়া কিশোরগঞ্জে হাসপাতালে জ্বর, সর্দি ও কাশি নিয়ে মারা যান এক যুবক। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর অনুযায়ী গত ৩৮ দিনে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে এ নিয়ে মারা গেছেন ১৭৮ জন।
চট্টগ্রাম : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল ৮টার দিকে নগরীর আগ্রাবাদ বেপারীপাড়ার ৫৯ বয়সী এক ব্যক্তি মারা যান। এছাড়া গত শনিবার রাত ৮টার দিকে মৃত্যু হয় ফটিকছড়ি উপজেলার এক বৃদ্ধের (৭০) । হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব রবিবার দুপুরে জানান, মারা যাওয়া দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
রংপুর : শনিবার রাতে নগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবলু বণিক সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। একই দিন রাতে নগরী শালবন এলাকায় জহুরুল ইসলাম টুলু নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়। তিনি বিদ্যুৎ বিভাগের (পিডিবি) অবসরপ্রাপ্ত ফোরম্যান ছিলেন। গতকাল রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঝালকাঠি : ঝালকাঠিতে রবিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তসলিম খান (৪০) নামে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। তসলিম নলছিটি উপজেলার পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের বাসিন্দা। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ১৫ মে তসলিমের নমুনা সংগ্রহ করা হয়েছে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে ভর্তি হওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। রফিকুল মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নরসিংদী : শনিবার রাতে নরসিংদীতে শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা। করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।