কিছুদিন আগে শোনা গেল তিনি করোনা আক্রান্ত। সেরে উঠেছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়ার আগেই খবর এল চেলসির ক্যালাম হাডসন-ওডোই গ্রেপ্তার! অপরাধ লকডাউন ভেঙে এক মডেলকে রুমে ডেকেছেন।
ইংল্যান্ডের ১৯ বছর বয়সী ফরওয়ার্ড হাডসন-ওডোই গত বছর থেকে বড় বড় ক্লাবের নজরে পড়ছেন। প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেছেন। এর ভেতর করোনা শুরু হওয়ায় অন্য সবার মতো তাকেও লকডাউনে যেতে হয়।
দ্য সান জানিয়েছে, লকডাউন ভাঙার অভিযোগে রবিবার ভোর চারটার দিকে হাডসন-ওডোইকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অত রাতে এক নারী ফোন করলে কর্মকর্তারা হাডসনের ওয়েস্ট লন্ডনের পেন্থহাউজের বাড়িতে যান। পুলিশের পাশাপাশি তিনি অ্যাম্বুলেন্সও ডাকেন।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মডেলের সঙ্গে ১৯ বছর বয়সী ফুটবলারের অনলাইনে পরিচয়। হাডসন তাকে বাসায় আনতে নিজেই গাড়ি পাঠান।
ওই তরুণী ঠিক কী কারণে পুলিশের কাছে অভিযোগ করেছেন তা স্পষ্ট নয়। তিনি অসুস্থতার কথা জানালে হাসপাতালে পাঠানো হয়। হাডসন পুলিশ হেফাজতেই রয়েছেন।
হাডসন-ওডোই করোনোর আগে এই মৌসুমে চেলসির হয়ে ১৭টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠে নেমেছেন। গত বছর ইংল্যান্ডের হয়ে প্রথম খেলেন। সেই থেকে জাতীয় দলে তিনটি ম্যাচ খেলেছেন।