নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনাভাইরাসের দুর্যোগকালে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে, জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করে যাচ্ছে।’ গতকাল সোমবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি ঈদ সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে চলে যাচ্ছেন। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেট অতিরিক্ত সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ সময় সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় ও গরিব মানুষের পাশে আছে। আমি নেতাকর্মীদের আসন্ন ঈদে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’
সমাজের ধনী ও বিত্তবানদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি সহায়তার পাশাপাশি অসহায় কর্মহীন মানুষের পাশে সবার আগে ছুটে গেছে আওয়ামী লীগ। চালিয়ে যাচ্ছে নানামুখী সহায়তা। আমি এ সময় সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবান ও সামর্থ্যবানদের কর্মহীন অসহায় ও প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’
ফ্রন্টলাইন করোনাযোদ্ধাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনাযুদ্ধে ফ্রন্টলাইনে যারা লড়াই করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো অবস্থাতেই মনোবল ও ধৈর্য হারাবেন না। এ সময় আপনারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন সেজন্য দেশ ও দেশবাসী আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা হতাশ হবেন না, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাযুদ্ধে জয়ী হব।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘সংকটের পরীক্ষিত নেতৃত্ব শেখ হাসিনার প্রতি আপনারা আস্থা রাখুন। সবার সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন ইনশাল্লাহ কেটে যাবে। সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সূবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।’