অর্থনৈতিক গতি সচল রাখতে ঈশ্বরদী ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস এক্সেসরিজ শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করতে যাচ্ছে মেসার্স আরএসএস থ্রেড অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড। গতকাল সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শতভাগ বাংলাদেশি মালিকানাধীন এই শিল্পপ্রতিষ্ঠান বার্ষিক ১০ কোটি ২ লাখ পিস আরএফআইডি ও অ্যাডহেসিভ লেবেল, পেপার ট্যাগ বা কার্ড, করোগেটেড কার্টন, ৩ কোটি ৩০ লাখ গজ ন্যারো ফেব্রিক এবং ১৫ দশমিক ৫ বর্গমিটার করোগেটেড বোর্ড উৎপাদন করবে। আরএসএস থ্রেড অ্যান্ড এক্সেসরিজ কারখানায় ৪৮৫ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্যে গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স আরএসএস থ্রেড অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং মেসার্স আরএসএস থ্রেড অ্যান্ড এক্সেসরিজের চেয়ারম্যান মো. আবদুন নুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।