নাটোরে একদিনে নতুন করে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ ৩০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০ জন পুলিশ সদস্য রয়েছেন। ৩০ জনের মধ্যে নাটোর সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫জন, সিংড়া উপজেলায় ১৩জন, বড়াইগ্রাম উপজেলায় ৯জন, গুরুদাসপুর উপজেলায় ১জন এবং বাগাতিপাড়া উপজেলার ২জন করোনায় আক্রান্ত হয়েছেন।
নাটোরের সিভিল সার্জন এবং নাটোরের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ১১ ১২ ও ১৩ তারিখে মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া যায়। ঢাকা আইইডিসিআর থেকে রবিবার রাতে তাদের বিষয়টি জানানো হয়।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সিংড়া থানার ১২জন পুলিশ এবং বড়াইগ্রাম থানার ৬জন পুলিশ সদস্য এবং একজন ব্যাটালিয়ন আনসার এবং বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একজন পুলিশ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
তাদেরকে ইতোমধ্যেই আইসোলেশনে নেয়া হয়েছে। তাদের তেমন কোনো উপসর্গ নেই। সব ধরনের সাপোর্ট পুলিশের পক্ষ থেকে তাদের দেয়া হবে।
অপরদিকে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, ৩০ জনের মধ্যে ২০জন পুলিশ সদস্য ছাড়াও নাটোর সদর আধুনিক হাসপাতালের ১জন স্বাস্থ্যকর্মীসহ ৫জন রয়েছেন।
এর আগে গত ২৯ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ১৩জন। এ নিয়ে নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ জন।
আগেই একজনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেককে আইসলেশনে নেয়া হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে নেয়া এবং নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এদিকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় নাটোরের আবার লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক।
সোমবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়াজ বাজার ও হাটগুলোতে নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য ছাড়া মঙ্গলবার সকাল ৬টা থেকে সকল ব্যবসাপ্রতিষ্ঠান ফের বন্ধ ঘোষণা করেছেন।