তিন যুগ ধরে গেমের নেশায় মজে ৯০ বছরের এই বৃদ্ধা

কিশোর থেকে তারুণ্য- এ বয়সেই ভিডিও গেমস নিয়ে যত উত্তেজনা। একটু বয়স বাড়লেই নানা ব্যস্ততায় আর সময় হয়ে উঠে না আর। তবে জাপানে এক ভিডিও গেমারকে খুঁজে পাওয়া গেছে, তার বয়স শুনলেই যে কেউ চমকে যাবে। 

সিএনএন জানায়, হামাকো মরি নামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা গেমিং জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনিই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী গেমার।

৩৯ বছর আগে ভিডিও গেমস খেলা শুরু করেন মরি। কয়েক যুগ ধরে গেমসের নেশায় মজে আছেন তিনি। এক নামে তিনি এখন গেমার গ্র্যান্ড মা হিসেবে পরিচিত।

মরি বলেন, এই দীর্ঘকাল বেঁচে থেকে আমি এখন আগের চেয়েও বেশি অনুভব করি যে, এত বছর ধরে গেম খেলে আসাটা আমার সঠিক সিদ্ধান্ত ছিল।

তিনি বলেন, আমি সত্যিই আমার জীবন উপভোগ করেছি। এটি সত্যিই রোমাঞ্চকর।

২০১৫ সালে তার ইউটিউব চ্যানেল যাত্রা করে। তার ভক্ত সংখ্যা শুনলেও অবাক হবে যে কেউ। তার চ্যানেল সাবস্ক্রাইভার হচ্ছে আড়াই লাখ লোক।

এরমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম উঠে গেছে জাপানি এই নারীর। আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে অধিক বয়সী গেমিং ইউটিউবার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 

মরির প্রিয় গেমসের একটি ডাউন্টেস। তার এই গেম খেলার ভিডিও ইউটিউবে দেখা হয়েছে ৩০ লাখেরও বেশি। এই গেম খেলার সময় তাকে দেখে বোঝা যায়, কীরকম আনন্দ নিয়ে তিনি গেমস খেলেন।