চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো. কামরুল ইসলাম (৩০) ও আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামের সৈয়দ নুরের স্ত্রী কাঞ্চন বেগম (৪৫)।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান, একজন মাদক বিক্রেতা ইয়াবা নিয়ে অটোরিকশা করে শহরের দিকে যাচ্ছে এমন সংবাদ পেয়ে খুরুস্কুল পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। ওই সময় অটোরিকশা তল্লাশি করে কামরুল নামের এক ব্যক্তিকে ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জুঁইদণ্ডী এলাকার এক নারী মাদক কারবারির কাছ থেকে ইয়াবাগুলো কিনে নিয়ে যাচ্ছিলেন।
পরে তার তথ্য অনুযায়ী ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা কারবারি কাঞ্চন বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ফ্রিজের নিচ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।