লকডাউনে ব্যবসা করার নতুন ফিচার ফেইসবুকে

লকডাউনের সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহী করতে ‘Shops’ নামের নতুন একটি ফিচার চালু করেছে ফেইসবুক। কোম্পানিটির মালিকানাধীন আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও এই ফিচারের মাধ্যমে বিনা মূল্যে ব্যবসা পরিচালনা করা যাবে।

শপস ফিচারটি শপিফাই, বিগকমার্স এবং উয়ের মতো থার্ডপার্টি প্রতিষ্ঠান পরিচালনা করবে।

মঙ্গলবার লাইভ স্ট্রিমে ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ নতুন ফিচারের বিষয়ে বলেন, ‘মহামারীর সময়ে দোকান, রেস্টুরেন্ট খুলতে না পারলে অনলাইনে ব্যবসা করতে পারেন। আমরা দেখেছি এই সময়ে অনেক ছোট প্রতিষ্ঠান অনলাইনে ব্যবসা করছে। যেটি আগে ছিল না।’

ফেইসবুক পেজ থেকে ‘Shops’ অপশন তৈরি করতে কোনো অর্থ দিতে হবে না। শপসের বিজ্ঞাপন দিলে সেখান থেকে আয় হবে ফেইসবুকের। ক্রেতারা যখন ফেইসবুকের চেকআউট অপশন ব্যবহার করবেন, তখন টাকা কাটা হবে।

জাকারবার্গ জানিয়েছেন, শপস ফিচারকে ধীরে ধীরে ওয়েব কমার্সে উন্নত করা হবে।

শপস ফেইসবুক পেজের পাশাপাশি ইনস্টাগ্রাম প্রোফাইলে পাওয়া যাবে। বিজ্ঞাপন দিলে এটি স্টোরিতে আসবে। ব্যবহারকারীরা আইটেম সেভ করে রাখার পাশাপাশি সরাসরি অর্ডার করতে পারবেন।

কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করতে ব্যবসায়ীরা মেসেঞ্জার, ইনস্টাগ্রামের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

একই সঙ্গে ফেইসবুক পরিকল্পনা করছে চ্যাট উইন্ডোর মাধ্যমে ক্যাটালগ এবং কেনাকাটার সুযোগ সৃষ্টি করতে। লাইভ স্ট্রিম থেকেও যাতে কেনাকাটা করা যায় চলছে সেই চেষ্টাও।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ‘Shops’ সোমবারই যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। ইনস্টাগ্রামে আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

ইনস্টাগ্রামে এখন যে শপ অ্যাকাউন্ট আছে, সেখানেই ব্র্যান্ড দেখাবে। বছরের শেষ দিকে ন্যাভিগেশন বারে নির্দিষ্ট একটি শপিং ট্যাব চালু করা হবে।