বাউল রনেশ ঠাকুরের আসরঘরে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের শিষ্য বাউল রণেশ ঠাকুরের উজান ধলের বাড়ির বাউল আসরঘরে আগুন লাগিয়ে পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে বাউল রণেশ ঠাকুর বাদী হয়ে দিরাই থানায় মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাউলের ক্ষতিগ্রস্ত ঘরটি নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রবিবার রাতে বাউল রণেশ ঠাকুরের আসরঘরটি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি দিরাই থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই পুলিশ একজকে গ্রেপ্তার করে।

বাউলশিল্পী রণেশ ঠাকুর একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য। শাহ আব্দুল করিমের বাড়িও একই গ্রামে। অনেকেই বলছেন, দুষ্কৃতিকারীরা এই আগুন লাগিয়ে থাকতে পারে। এ ঘটনায় দেশে-বিদেশে প্রতিবাদ হচ্ছে।

বাউলশিল্পী রণেশ ঠাকুর জানান, তার আসরঘরটি টিনের বেড়া ও টিনের চালার ছিল। তবে এই ঘরে কেউ থাকতেন না। এখানে বসে ভক্তদের নিয়ে গান গাইতেন তিনি। ঘরে তার গানের দোতরাসহ কিছু বাদ্যযন্ত্র ও বইপত্র ছিল। সব আগুনে পুড়ে পড়ে গেছে।

তিনি জানান, গত রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখেন ওই ঘরে আগুন জ্বলছে। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই সব পুড়ে যায়।

তিনি আরও বলেন, আমার কোনো শত্রু নাই। কিভাবে আগুন ধরছে আমি জানি না। এখন থানায় অভিযোগ দিয়েছি। যদি কেউ আগুন লাগিয়ে থাকে তাহলে সেটা পুলিশ বের করবে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, রনেশ ঠাকুর নিজে বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করার পর পুলিশ গ্রামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মো. আবদুল আহাদ বলেন, আমরা বাউলের পাশে আছি। সব সময় খোঁজখবর নিচ্ছি। দিরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার তাকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আমরা তার আসরঘরটিও নির্মাণ করে দেব।

প্রসঙ্গত, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা জ্বালিয়ে দেয় শাহ্ আব্দুল করিমের শিষ্য বাউল রণেশ ঠাকুরের বাউল আসর ঘর।

এই ঘটনায় ৫৫ বছর বয়সী এই বাউল ও তার শিষ্য সামন্তের ঢোল, ছইট্টা, দোতরা, বেহালা, হারমুনিয়ামসহ নানা যন্ত্র পুড়ে ছাই হয়েছে।

যা কয়েক যুগে বানিয়ে ছিলেন রণেশ ঠাকুরের পরিবার। রুহী ঠাকুর ও রণেশ ঠাকুর ছিলেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের অন্যতম শিষ্য বাউল।

ওস্তাদ শাহ্ আব্দুল করিম ও বড় ভাই রুহী ঠাকুর মারা যাবার পর ভাটী অঞ্চলের গ্রামে গ্রামে যে কজন বাউল জনপ্রিয়, এরমধ্যে অন্যতম রণেশ ঠাকুর।