প্রেমে হতাশ এক চীনা নারী তার সাবেক প্রেমিকের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এক অভিনব ঘটনা ঘটিয়েছেন। চীনের নিজস্ব ভ্যালেন্টাইন দিবসের এক দিন আগেই প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ওই নারীর। এই ঘটনায় রাগে-দুঃখে অপমানে প্রতিশোধ নিতে সাবেক প্রেমিকের ঘরের দরজার সামনে এক ট্রাকভর্তি পেঁয়াজ রেখে আসেন ওই প্রেমিকা নারী, যাতে পেঁয়াজের ঝাঁজে প্রেমিকের চোখ দিয়ে পানি বের হয়।
চীনের পূর্বাঞ্চলীয় শানদয় প্রদেশের ওই নারী অনলাইনে অর্ডার দিয়ে এক টন পেঁয়াজ কেনেন। শুধু তা-ই নয়, ডেলিভারি সার্ভিসের লোক দিয়ে সেই পেঁয়াজ সাবেক প্রেমিকের বাড়িতেও পাঠিয়ে দেন। তবে ডেলিভারির লোকের সঙ্গে ওই নারীর শর্ত ছিল এই যে, পেঁয়াজ দরজার সামনে রাখার পর কলিংবেল চাপা যাবে না। এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এক টন পেঁয়াজের সঙ্গে ছিল সাবেক প্রেমিকের উদ্দেশে লেখা ওই নারীর ছোট একটি নোট। সেখানে লেখা ছিল, ‘তিন দিন ধরে আমি কেঁদেছি, এখন তোমার পালা’। ঝাও নামের ওই নারী শানদং নেটকে জানান, সাবেক প্রেমিকের সঙ্গে তার প্রায় এক বছর ধরে সম্পর্ক ছিল। কিন্তু প্রায় হঠাৎ করেই প্রেমিক সিদ্ধান্ত নেয় সম্পর্কের ইতি টানার। এ বিষয়ে ঝাও বলেন, ‘তার এই সিদ্ধান্তে আমার অনেক কষ্ট হয়েছিল। কিন্তু ও একটুও কাঁদেনি।
সাবেক প্রেমিক কেন কাঁদেনি এই রাগ থেকেই মূলত ঝাওয়ের ওই পেঁয়াজ রাখার সিদ্ধান্ত। তিনি বলেন, ‘টাকা কোনো ঘটনা না। কিন্তু দুজন মানুষের মধ্যকার অনুভূতি অনেক মূল্যবান। আমি একাই শুধু কাঁদব, এমনটা হতে পারে না।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঝাওয়ের সাবেক প্রেমিকের মতে, ঝাও মাত্রাতিরিক্ত প্রতিμিয়া দেখিয়েছে।
সাবেক ওই প্রেমিকের এক প্রতিবেশী শানদং নেটকে বলেন, ‘আমি জানি না তার প্রেমিক কেঁদেছিল কি না। কিন্তু আমার চোখে বেশ ঝাঁজ লেগেছে। পুরো কমিউনিটিতে পেঁয়াজের ঝাঁজ ও পচা ঘ্রাণ ছড়িয়ে পড়েছিল।’
চীনে মূলত ভ্যালেন্টাইন দিবস বছরে তিনবার। একটি ১৪ ফেব্রুয়ারি, যা বিশ্বের অন্যদের সঙ্গে পালিত হয়। দ্বিতীয় ভালোবাসা দিবসটি জুলাই মাসে চীনের চন্দ্রবর্ষীয় ক্যালেন্ডার অনুসারে। তবে তৃতীয় ভালোবাসা দিবস ২০ মে, যা সবচেয়ে বেশি জনপ্রিয় চীনে। মান্দারিন উচ্চারণ অনুসারে একে বলা হয়, ‘ফাইভ টু জিরো’ অর্থাৎ ‘আই লাভ ইউ’। ওই দিন প্রেমিক-প্রেমিকারা নিজেদের মধ্যে উপহার বিনিময় করে।