করোনা রোগী থেকে দূরে থাকার নোটিফেকশন পাওয়ার সফটওয়্যার আপডেট দিতে শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং গুগল।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বুধবার থেকে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যসহ মোট ২২টি দেশে এই আপডেট শুরু হয়েছে। কোন কোন দেশের সরকারি স্বাস্থ্য সংস্থা এই সফটওয়্যার ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে, তা জানাতে রাজি হয়নি প্রতিষ্ঠান দুটি।
গুগল-অ্যাপল প্রথমে তাদের প্রযুক্তিকে ‘কন্টাক্ট ট্রেসিং’ বললেও পরে নাম বদল করে ‘এক্সপোজার নোটিফিকেশন’ রাখে।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থা অ্যাপ তৈরি করতে পারবে। এরপর যত করোনা রোগী পাওয়া যাবে, সবার ফোনে সেটি ইন্সটল করতে হবে।
রোগীদের ফোনে অ্যাপটি থাকলে সাধারণ মানুষও উপকৃত হবেন। সুস্থ মানুষের কয়েক মিটারের ভেতর অসুস্থ মানুষ আসলে উভয়ের স্মার্টফোনে নোটিফিকেশন যাবে।
গুগল-অ্যাপলের এই সফটওয়্যার তৈরির ঘোষণার আগেই বিভিন্ন দেশ করোনা সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে অ্যাপ তৈরি করে। কিন্তু কিছু দেশে গুগল-অ্যাপলের নীতিমালার জন্য সেই অ্যাপ ঠিকমতো কাজ করেনি।
অনেক দেশের সরকারি সংস্থা গুগল-অ্যাপলকে নীতিমালা শিথিল করে অ্যাপগুলো তাদের দেশে সচলের অনুরোধ জানালেও প্রতিষ্ঠান দুটি পাত্তা দেয়নি। পরে তারা নিজেরাই সফটওয়্যার আপডেটের সিদ্ধান্ত নেয়।
গুগল-অ্যাপল প্রথম জানিয়েছিল, কোনো ব্যক্তি করোনা পজিটিভ হলে তার ডেটা সরকারি অ্যাপে যুক্ত করার পর অন্য কেউ তার কাছে আসলে নোটিফিকেশন যাবে। এভাবে ১৪ দিন ওই ব্যক্তির তথ্য অ্যাপে থাকবে। সরকারি সংস্থা চাইলে সময় বাড়াতেও পারবে।
একই সঙ্গে উভয় কোম্পানি এই প্রযুক্তি তাদের অপারেটিং সিস্টেমে যুক্ত করবে। তখন অ্যাপ ডাউনলোড না করলেও মোবাইল ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন যাবে। তাকে একটি অপশন নির্বাচন করে রাখতে হবে।
গুগল এখন বলছে, ট্রেসিংয়ের ধরনে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। ব্যবহারকারী কোন ফোন ব্যবহার করছে, মডেল কী সেটি অ্যাপ ডেভেলপারদের জানানো হবে না।