ডিজনির স্ট্রিমিং প্রধান কেভিন মেয়ার ছোট ভিডিও বানানোর অ্যাপ টিকটকের প্রথম সিইও হতে যাচ্ছেন। টিকটকের মালিকানাধীন চীনের কোম্পানি বাইটড্যান্স জানিয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার পাশাপাশি মেয়ার প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার হিসেবেও দায়িত্ব নেবেন। মেয়ারের প্রধান দায়িত্ব হবে টিকটকের বৈশ্বিক পরিকল্পনা বাস্তবায়ন করা। মেয়ার বিবৃতিতে বলেছেন, ‘বাইটড্যান্সের পরবর্তী ধাপের নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি।’
২০০৫ সালে ওয়াল্ট ডিজনি কোম্পানিতে মেয়ারের ক্যারিয়ার শুরু হয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে। পরে ডিজনির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে ওঠেন তিনি। ডিজনির হয়ে পিক্সার, লুকাস ফিল্ম, মার্ভেল স্টুডিও ও টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স অধিগ্রহণে তার বড় ভূমিকা ছিল। বাইটড্যান্স ২০১৬ সালে টিকটক অ্যাপ আনে। এখন সারা পৃথিবীতে মাসে ৫০০ মিলিয়নের বেশি অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে তাদের। ফেইসবুক, ইউটিউবকে ছাড়িয়ে এটি এখন পৃথিবীর সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ। কেভিন মেয়ার ডিজনি ছেড়ে যাওয়ায় তার দায়িত্ব নিতে যাচ্ছেন রেবেকা ক্যাম্পবেল। বিবিসি জানিয়েছে, মেয়ার টিকটকে যোগ দেবেন আগামী ১ জুন।