গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকাফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হাসপাতালে নেওয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুদর্শন দেবনাথ (৩৮) উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ঢাকায় তার ব্যবসায়িক কাজের জন্য গিয়েছিলেন সুদর্শন দেবনাথ। এরপর গত ১৫ মে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন।
১৭ মে সুদর্শন দেবনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। এ সময় সুদর্শন দেবনাথের স্ত্রী এবং মেয়েও জ্বর-কাশিতে ভুগছিলেন।
১৮ মে তার বাড়িতে গিয়ে এই তিনজনের নমুনা সংগ্রহ করে একটি মেডিকেল টিম। এরপর থেকে তারা বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। চারদিনেও তাদের নমুনার ফলাফল আসেনি। পরে শুক্রবার ভোরে সুদর্শন দেবনাথ আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিদুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ধর্মীয় নিয়মানুযায়ী সুদর্শন দেবনাথকে দাহ করা হয়েছে। তার পরিবার ও সংস্পর্শে আসা লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।