করোনাকালে দুস্থ, অসহায় নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে সাবেক নারী ফুটবলারদের সংগঠন ‘বাংলাদেশ এক্স উইমেন্স ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।’
দেশের সব জেলায় তালিকা করে কমপক্ষে ৫-৭জন দুস্থ নারী ফুটবলারদের ঈদ উপহার প্রদান করছে সংগঠনটি। সব মিলে প্রায় চার শ নারী ফুটবলারদের এই ঈদ উপহার দিচ্ছেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক, বসুন্ধরা কিংসের নারী ফুটবল দলের প্রধান কোচ মাহমুদা শরিফা অদিতি বলেন, ‘আমাদের সংগঠনটি বেশি বড় ও আর্থিক ভাবে তেমন সচ্ছল না। তারপরও করোনা মহামারিতে আমার মনে হচ্ছিল ফুটবল খেলে আমাদের কেউ কেউ বেশ ভাল আছি। কিন্তু যারা বর্তমানে খেলছে তাদের অনেকের অবস্থা খুব খারাপ। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা প্রতিটা জেলায় দুই হাজার টাকা করে পাঠাচ্ছি। সেই টাকা দিয়ে সেমাই, চিনি, দুধ, ডিম, ডাল ইত্যাদি পণ্য কিনে আমাদের প্রতিনিধিরা জেলার ৫-৭জনকে ঈদ উপহার প্রদান করছে।’
অদিতি আরো বলেন, ‘৬৪টি জেলায় এভাবে প্রায় দেড় লাখ টাকার ঈদ সামগ্রী কিনে চার শ ফুটবলারদের সহায়তা করা হচ্ছে। ইচ্ছা ছিল টাকার পরিমাণ আরো বাড়ানো। কিন্তু আমাদের সংগঠনের তেমন কোন ফান্ড নেই। তাই মন থেকে নিজে ও বন্ধুরা মিলে যা পারছি তাই আমাদের ছোট বোনদের সহায়তা করার চেষ্টা করছি।’