আইসিএলে যাওয়ার সিদ্ধান্ত এখনো পোড়ায় হাবিবুলকে

২০০৮ সালে তখনকার নিষিদ্ধ ঘোষিত ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। ১৪ ক্রিকেটারের একজন ছিলেন হাবিবুল বাশার। ঢাকা ওয়ারিয়র্স নামের দলটাকে মাঠে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। নিজের ক্রিকেট ক্যারিয়ারের ‘বিতর্কিত’ সেই অধ্যায় এখনো পোড়ায় দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ককে।

বৃহস্পতিবার ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এর সঙ্গে আড্ডায় যুক্ত ছিলেন বর্তমানে বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল। ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে ছিল ‘স্লগ ওভার’ নামের একটি পর্ব। যেখানে ২৫টি প্রশ্ন রাখা হয় হাবিবুলকে। শর্ত ছিল ঝটপট উত্তর দেওয়ার।

সেখানেই হাবিবুলের কাছে একটি প্রশ্ন ছিল এরকম- ‘যে ভুলটির জন্য এখনো আফসোস হয়?’ হাবিবুল এক শব্দে উত্তর দিয়ে দেন- ‘আইসিএল।’

আইসিএলে পাড়ি দেওয়ায় তখন ১৪ ক্রিকেটারকেই ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক মৌসুম পরই অবশ্য ঢাকা ওরিয়র্সের ক্রিকেটাররা ফিরে এসেছিল। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালের জানুয়ারি থেকেই সবাই ফের দেশের ক্রিকেটে ফিরেছিল। সেই আইসিএলও এখন বিলুপ্ত।

হাবিবুল এখন বিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করছেন। সেটিও দীর্ঘ সময় ধরেই। তবে ‘মিস্টার ফিফটি’ খ্যাত এই সাবেক অধিনায়ক এখনো সেই অধ্যায় ভুলতে পারেন না। বিশেষ করে নিজের ‘ভুল’।