আয়ে ইউটিউব-নেটফ্লিক্সকে ছাড়িয়ে টিকটক

লকডাউনের সময় ভিডিও বানানোর ছোট অ্যাপ টিকটকের আয় বেড়েছে হু-হু করে। এপ্রিল মাসের হিসাবে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি আয়ের দিক থেকে সব মোবাইল অ্যাপকে পেছনে ফেলেছে।

গেমস, বিজ্ঞাপনী সংস্থাসহ বিভিন্ন মোবাইল অ্যাপের জরিপকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার ডেটার হিসাবে দেখা গেছে, বাইটড্যান্সের বৈশ্বিক ভার্সন টিকটক এবং চীনা ভার্সন ডিউইনের আয় গত বছরের এপ্রিলের তুলনায় এবার দশগুণ বেড়েছে!

আয়ের দিক থেকে টিকটকের পরে রয়েছে ইউটিউব। তিন নম্বরে টিন্ডার। চারে ডিজনি প্লাস। পাঁচে টেনসেন্ট ভিডিও। ছয়ে নেটফ্লিক্স।

ব্লুমবার্গ জানিয়েছে, টিকটকের মোট আয়ের ৮৬.৬ শতাংশই এসেছে চীনের বাজার থেকে। আমেরিকা থেকে ৮ শতাংশের কিছু বেশি।

অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো বাইটড্যান্স অনলাইন ব্যবসা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। একই সঙ্গে তাদের আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন।

সেন্সর টাওয়ার জানিয়েছে, ২০২০ সালের প্রথম প্রান্তিকে টিকটকের ৩১৫ মিলিয়ন অ্যাপ ডাউনলোড হয়। গত বছর এটি ছিল ১৮৭ মিলিয়ন।