মিসবাহ বলছেন, কোহলি-স্মিথের মানের খুব কাছাকাছি বাবর

ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাবর আজমকে তুলনা করেন অনেকে। ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ ধারাবাহিক বাবর। কোহলির অনেক পরে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও বাবরকে এই তুলনায় টানা হয়। যে তালিকায় যোগ দিয়েছেন এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক, বর্তমান প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল-হক।

মিসবাহ বলছেন তিনি তুলনায় বিশ্বাসী নন। এরপরও একটি ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি সাধারণত তুলনা পছন্দ করি না। তবে বাবর আজম এই মুহূর্তে বিরাট কোহালি, স্টিভেন স্মিথ, জো রুটের খুব কাছাকাছি রয়েছে।’

বাবরের জন্য পরামর্শও দিয়েছেন মিসবাহ, ‘ও কঠোর পরিশ্রমে বিশ্বাসী। তবে কোহালির চেয়ে ভালো করতে গেলে স্কিলের পেছনে কোহলির চেয়েও বেশি খাটতে হবে। ফিটনেস, খেলা সম্পর্কে সচেতনতাও বাড়াতে হবে।’

কদিন আগেই টি-টোয়েন্টির পর পাকিস্তানের ওয়ানডে দলেরও নেতৃত্ব পেয়েছেন বাবর। এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছেন, তাতে বড় কিছুই জানান দিচ্ছেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। তবে কোহলির সঙ্গে তুলনায় আপত্তি আছে বাবরের। কদিন আগেই এ প্রসঙ্গে বলেছিলেন, ‘কোহলি ভিন্ন খেলোয়াড়, আমি ভিন্ন খেলোয়াড়।’