সংবাদমাধ্যমে গুঞ্জন, করোনাভাইরাসের মহামারির জেরে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হতে পারে। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসি’র এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
টোকিও অলিম্পিকসহ করোনাভাইরাসের কারণে স্থগিত করে দেওয়া হয়েছে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বের অনেক বড় বড় ক্রীড়া ইভেন্ট। বেশ কিছুদিন ধরে খবর. চলমান সংকটে স্থগিত করা হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপও। নতুন সূচি অনুযায়ী তা ২০২২ সালে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সে ক্ষেত্রে চলতি বছর বিশ্বকাপের উইন্ডোতে মাঠে গড়াতে পারে স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ চলতি আসর।
কিন্তু বিশ্বকাপ স্থগিতের এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইসিসি’র এক মুখপাত্র। বরং টাইমস অব ইন্ডিয়াকে তিনি বললেন, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি। পরিকল্পনা অনুযায়ী চলতি বছর অস্ট্রেলিয়া আসরের প্রস্তুতি চলছে।”
“তবে আগামীকালের (বৃহস্পতিবারের) বোর্ড মিটিংয়ে আলোচ্যসূচিতে বিষয়টি আছে। সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।”