মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে কৃষকের পাঁচ একর বাগানের লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন লেবু চাষি ইদ্রিস মিয়া ।
মঙ্গলবার রাতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের মোহাজেরাবাদ এলাকার দক্ষিণ পাড়ার উঁচু টিলায় দুর্বৃত্তরা রাতের আধারে দুর্বৃত্তরা লেবু গাছ কেটে ফেলে রেখে যায়।
লেবু বাগান মালিক ইদ্রিস মিয়া জানান, নিজের শরীরেও আঘাত করলে এতটা কষ্ট হতো না, যেভাবে আমার লেবু বাগানের গাছগুলো কেটে নষ্ট করা হয়েছে। প্রত্যেকটি লেবু গাছে আড়াইশ থেকে তিনশ লেবু ধরেছে।
এলাকার অন্য এক লেবু বাগান মালিক মো. জহির মিয়া জানান, এঘটনায় আমরা যারা লেবু চাষি তারা আতঙ্কে আছি। আমাদেরও বাগানেও এরকম আক্রমণ হতে পারে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যারা এর সাথে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
এব্যাপারে ইউপি সদস্য মো. ফারুক আহমেদ জানান, দুর্বৃত্তরা যে অমানবিক কাজ করেছে তা খুবই ন্যক্কারজনক। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, বিষয়টি অভিযোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।