মোংলায় বইছে ঝড়বৃষ্টি, ঘরবাড়ী-গাছপালা বিধ্বস্ত

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় বৃহস্পতিবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন সুন্দরবন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। আর এ ঝড়-বৃষ্টি আরো ২/১ দিন ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরও জানায়, আপাতত তিন নম্বর থেকে সতর্ক বার্তা না বাড়লেও একই সংকেত এই মূহূর্তে নামছেও না।

গত ২/৩ দিন ধরে এ এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফলে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত ৮টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহন কাজ।

এদিকে বুধবার রাতে আকস্মিক ঝড়ে পৌর শহরের কুমারখালীসহ আশপাশ এলাকায় কাঁচা-পাকা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।

কুমারখালী এলাকার বাসিন্দা ব্যবসায়ী, রাজনীতিক ও সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম বলেন, মঙ্গলবার রাতের ঝড়ে তার নিজের অটোরাইস মিলের চাল, দেয়াল, গোডাউনের দেয়াল ও দুইটি কাঠ-টিনের ঘর বিধ্বস্ত হয়েছে।