পাবনায় করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে যাকাত ও অন্যান্য উৎস থেকে আয় কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে দেশের অধিকাংশ মসজিদ। নিয়মিত বেতনভাতা হচ্ছে না মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের।
মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রদান করা হচ্ছে আর্থিক অনুদান।
এ কার্যক্রমের অংশ হিসেবে পাবনা সদর উপজেলার ৬৭৮টি মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৩৩ লাখ ৯০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামী ফাউন্ডেশন পাবনার সহযোগিতায় সকল মসজিদের সভাপতি/ সম্পাদক’র হাতে এসব অর্থ তুলে দেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়রম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এমবিএম ফজলুর রহমান, ইসলামী ফাউন্ডেশন পাবনার উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম।
অর্থ প্রদান কালে এমপি প্রিন্স বলেন, রমজান মাসে মুসল্লিদের দান থেকে মসজিদ পরিচালনার সারা বছরের ব্যয়ভারের একটা বড় অংশের সংস্থান হয়।
এ বছর করোনা পরিস্থিতিতে অধিকাংশ মসজিদই তা থেকে বঞ্চিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন ধর্মপ্রাণ মানুষ। দেশের ইমাম ও মুয়াজ্জিনসহ মসজিদ সংশ্লিষ্ট কর্মচারীদের দুর্দিনে নিজ উদ্যোগে অনুদান দিয়েছেন তিনি।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানবিক সংকটে থাকা সবাইকে সাধ্যমত সহযোগিতা করছে সরকার। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই সহযোগিতার পরিকল্পনা রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি উপস্থিত ছিলেন।