ফাইভজি পণ্যের জন্য বিশ্বের প্রথম কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভল্যুশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ফোরপ্লাস সনদ অর্জন করেছে হুয়াওয়ে। নিরাপত্তার দিক দিয়ে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির পণ্যগুলো বিশ্বমানের, সে বিষয়টির স্বীকৃতি হিসেবেই এই সনদ দেওয়া হয়েছে।
স্পেনের সনদদাতা কর্তৃপক্ষ সেন্ট্রো ক্রিপ্টোলজিকো ন্যাশনাল (সিসিএন) গত ২০ মে হুয়াওয়ে ৫৯০০ সিরিজ ফাইভজি জিনোডবি সফটওয়্যারকে এ স্বীকৃতি দিয়েছে। নিরাপত্তা সনদের ক্ষেত্রে সিসি সনদ বিশ্বব্যাপী স্বীকৃত।
হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জে চ্যান বলেন, আস্থা অর্জনের বিষয়টি প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করেই হওয়া প্রয়োজন। তথ্যগুলোও যাচাইযোগ্য হওয়া উচিত এবং সাধারণ মানদন্ডের নিরিখে এ যাচাই প্রক্রিয়াটি হওয়া প্রয়োজন। এ শিল্পখাতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো চিহ্নিতের জন্য সনদই সবচেয়ে কার্যকরী উপায়।
বর্তমানে হুয়াওয়ের পণ্য ও সমাধানগুলো ২৭০টিরও বেশি নিরাপত্তা সনদ অর্জন করেছে। এর মধ্যে রয়েছে সিসি, এফআইপিএস এবং সিএসএ।
জে আরও বলেন, সনদপ্রাপ্তির বিষয়টি আবারও আমাদের ফাইভজি নেতৃত্বের ক্ষেত্রে সক্ষমতা প্রদর্শন করেছে। হুয়াওয়ে ধারাবাহিকভাবে উদ্ভাবনী ফাইভজি প্রযুক্তিগুলো নিয়ে কাজ করবে। বৈশ্বিক অপারেটরগুলোর জন্য ফাইভজির বাণিজ্যিক ব্যবহারের প্রক্রিয়াকে সহজ করবে।