বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে দেখার কেউ নেই

শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ব্রেইন স্ট্রোক করে মানবেতর জীবন যাপন করছেন। তিনি চলাফেরা করতে পারেন না, কথাও বলতে পারেন না।

অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত জিএম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুরের সাবেক জেলা ইউনিট কমান্ডার নূরুল ইসলাম হিরো এ তথ্য জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার সামান্য টাকায় আশরাফ আলীর খাওয়াপড়ার সংস্থানই ঠিক মতো চলে না। সেখানে চিকিৎসা ব্যয় নির্বাহের কোন ব্যবস্থা তার নেই।

আশরাফ আলী বর্তমানে শেরপুর শহরের নয়ানী বাজারে মানবেতর জীবন যাপন করছেন। তার সংসারের ব্যয় ভার নির্বাহের কেউ নেই। ২০১৪ সালে তার ব্রেইন স্ট্রোক হয়। সেই থেকে তিনি বাক্ ও চলৎশক্তিহীন অবস্থায় রয়েছেন।

নূরুল ইসলাম হিরো জানান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে শেরপুরের যে ১২ জন তরুণ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রথম অস্ত্র নিয়ে তৎকালীন ইপিআর এর সুবেদার আব্দুল হাকিমের কাছে ট্টেনিং নিয়েছিলেন, তিনি তার মধ্যে অন্যতম। ছাত্রলীগের একজন বলিষ্ঠ নিবেদিত প্রাণ সাহসী কর্মী ছিলেন তিনি।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর সুচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট এই মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নেয়ার আবেদন জানান তিনি।