আগামী রবিবার থেকে দোকানপাট খোলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সরকারি বিধিনিষেধ মেনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা হবে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে দোকান মালিক সমিতি এ তথ্য জানিয়ে বলেছে, তারা চায় স্বাস্থ্যবিধি না মানলে সরকার জরিমানা করুক।
ক্রেতা-বিক্রেতার কেউ মাস্কবিহীন থাকলে ও সামাজিক দূরত্ব না মানলে তার ৫০০ এবং হাঁচি, কাশি ও জ¦র নিয়ে দোকানে গেলে ১ হাজার টাকা জরিমানার বিধানের প্রস্তাব জানিয়েছে দোকান মালিক সমিতি।
সরকার গতকাল জানিয়েছে, সাধারণ ছুটি আর বাড়বে না। করোনা বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি শুরু হয়। ওইদিন থেকেই সাধারণ দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। তবে ঈদুল ফিতর উপলক্ষে কেনাবেচার জন্য গত ১০ মে থেকে সীমিত পরিসরে বিপণিবিতান ও দোকানপাট খোলার সুযোগ দিয়েছিল সরকার। তখন অনেকে অবশ্য বিপণিবিতান বন্ধ রাখে। গতকাল দোকান মালিক সমিতি সারা দেশের দোকান মালিক সমিতি ও মার্কেট কমিটিগুলোকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুরোধ জানিয়েছে। তারা বলেছে, ঈদবাজারে সীমিত আকারে মার্কেট খোলার সময়ে বারবার বলার পরও দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের শতভাগ মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হয়নি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষের জীবিকা বাঁচানোর তাগিদে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য তারা সব বিভাগীয়, জেলা ও উপজেলা শহরের দোকান মালিক সমিতি ও মার্কেট কমিটিগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দোকান খোলার অনুরোধ জানান।